প্রধানমন্ত্রীর গৃহহীন প্রকল্পের উদ্বোধন
নারায়ন রবিদাস
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৬৬ হাজার ১শ’ ৮৯টি পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান এবং ৩ হাজার ৭শ’ ১৫টি পরিবারকে জমিসহ পূনর্বাসন করলেও ফরিদগঞ্জে গৃহহীন প্রকল্পের ঘর ও জমি পায়নি কেউ।
এদিকে ঘর দিতে না পারলেও সারাদেশের মতো ফরিদগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর গৃহহীন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান পালিত হয়েছে। কিন্তু ছিলো না কোন অসহায় ও ভূমিহীন পরিবারের লোকজন। এ নিয়ে পুরো উপজেলার সর্বমহলে চলে কানাঘুষা। ফরিদগঞ্জে অসহায় ও ভূমিহীন বহু পরিবার থাকলেও কেন পায়নি প্রধানমন্ত্রীর দেয়া ঘর- এমন প্রশ্ন সুুশীল সমাজ ও রাজনৈতিক মহলে।
এ বিষয়ে উপজেলার বালিথুবা এবং পাইকপাড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নের লোকজন জানান, আমাদের ইউনিয়নে প্রায় সব জমি হিন্দুদের ছিলো। কিছু লোক বিক্রি করে চলে যায়, আর কিছু লোকজন জমি রেখে চলে যায়। এসব রেখে যাওয়া জমি স্থানীয় লোকজন কোন এক অদৃশ্য শক্তির বলে নিজের নামে অন্তর্ভুক্ত করে রেখেছে। প্রশাসন চাইলে এসব জমি উদ্ধার করে ভূমিহীনদের কাছে হস্থান্তর করতে পারে এবং প্রধানমন্ত্রীর দেয়া মুজিববর্ষের উপহার গৃহহীন প্রকল্পের ঘর নির্মাণ করে দিতে পারে।
ঘর না পাওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, ফরিদগঞ্জ উপজেলায় নিষ্কন্টক খাস জমি না পাওয়ায় ও উপজেলার অধিকাংশ এলাকা নিম্নাঞ্চল হওয়ায় উপযুক্ত উচু ভূমির অভাবে প্রথম পর্যায়ে কাউকে ঘর ও ভূমি প্রদান করা সম্ভব হয়নি। তবে ২য় পর্যায়ে ঘর দেয়ার চেষ্টা করবো।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, আমি অসুস্থ থাকার কারণে ঘরের বিষয়ে জানি না। আমি এডিবি থেকে মজিববর্ষ উপলক্ষে অসহায় মানুষকে ঘর দেয়ার কথা বলেছি। আজ প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে আমি অবগত ছিলাম না।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেন, আমাদের উপজেলায় পায়নি, আগামিতে পাবে। আমি তালিকা করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি।
২৪ জানুয়ারি, ২০২১।
