ফরিদগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ শতাধিক অতিথি

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে বর ও কনে পক্ষের শতাধিক অতিথি অসুস্থ হয়েছেন। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের তপদার বাড়িতে গত শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতার পর খাবার গ্রহণ শেষে এ ঘটনা ঘটে। অসুস্থরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর জেলা সদর হাসপাতাল ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আমির হোসেন বলেন, ফরিদগঞ্জের চরমান্দারী গ্রামের মৃত তোফায়েল আহমেদ ও কাকুলী দম্পত্তির মেয়ে মোসাম্মত তারিন আক্তারের সাথে পার্শ¦বর্তী রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের বসু পাটওয়ারি বাড়ির বাসিন্দা বর মো. মানিক মিয়ার সাথে পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়।
বিয়েতে বর-কনে পক্ষের আমন্ত্রিত ৩ শতাধিক অতিথি খাবার গ্রহণ করেন। খাবার গ্রহণের কিছুক্ষণ পর উভয়পক্ষের লোকজন বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে শতাধিক আক্রান্ত চিকিৎসা নিয়ে সবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তবে কি কারণে এমনটা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় বর মো. মানিক মিয়া জানান, আমাদের বিয়েতে তিন শতাধিক মানুষ খেয়েছেন। খাবার গ্রহণের পর আমার আত্মীয়-স্বজনের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কেন এমন হয়েছে বুঝতে পারছি না। জেনেছি, আমার শ^শুর পক্ষের অতিথিরাও অসুস্থ হয়েছেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মোজাম্মেল হোসেন বলেন, আমাদের হাসপাতালে চরমান্দারি ও আশেপাশের কয়েকটি গ্রামের বেশ কয়েকজন বমি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা গ্রহণ করেছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম মুঠোফোনে জানান, আমাদের হাসপাতালে ৩০ জনের বেশি রোগী অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। বেশ কয়েকজনকে ভর্তি দেয়া হয়েছে। তবে কেউ আশঙ্কাজনক না হওয়ায় ছুটি নিয়ে বাড়িতে চলে গেছেন। ধারণা করা হচ্ছে, খাদ্য বিষক্রিয়া থেকেই এই ঘটনাটি ঘটেছে।

২১ জানুয়ারি, ২০২৪।