
কচুয়া ব্যুরো:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরী অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভূক্তির মাধ্যমে স্বীকৃতি লাভ করায় কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সকাল ১০টায় ওই কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি গুলবাহার বাজারসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সরাসরি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। এছাড়া এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং ‘ওরা ১১জন’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী এ আনন্দ র্যালিতে অংশগ্রহণ করে। তাদের প্রত্যেককে বিদ্যালয়ের পক্ষ থেকে বেলুন ও বাঁশি বিতরণ করা হয়।
