বড়কুল পশ্চিমে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১৩শ’ পরিবার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার (চাল ও নগদ টাকা) পেলেন ১৩শ’ কর্মহীন পরিবার। করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও অস্বচ্ছল এবং মধ্যবিত্ত লোকদের মাঝে ১০ম ধাপে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী। উপহার সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সরকারি কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউপি সচিব হানিফ মিয়া জানান, ইউনিয়নে ২২শ’ ১৩ জন কর্মহীনের তালিকা করা হয়েছে। এ পর্যন্ত ১১শ’ ৭৫ জনকে চাল, ১শ’ ১জনকে নগদ ৫শ’ টাকা করে এবং ১৩ জনকে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দিচ্ছেন চেয়ারম্যান মনির হোসেন গাজী।
তারই ধারাবাহিকতায় সোমবার ও রোববার সকালে সামাজিক দূরত্ব মেনে ইউএনও’র প্রতিনিধি ও সুবিধাভোগীর উপস্থিতিতে জনপ্রতি ১০ কেজি করে চাল তাৎক্ষনিক ওজন করে এবং ২৪ জনকে জনপ্রতি নগদ ৫শ’/১ হাজার টাকা করে বিতরণ করা হয়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী জানান, করোনা একটি বৈশ্বিক মহামারি। এ সময় কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত খাদ্য সামগ্রী ও নগদ টাকা সঠিক এবং ধারাবাহিকভাবে বন্টন করা হচ্ছে। ইউএনও’র প্রতিনিধি, সংবাদকর্মী এবং ইউপি সদস্যদের উপস্থিতিতে চাল ও নগদ টাকা বিতরণ করা হয় বলে তিনি জানান।

০৬ মে, ২০২০।