মাহ্ফুজ মল্লিক
করোনা পজেটিভ থেকে নেগেটিভ হওয়ার একদিন পর মারা গেলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আনিসুজ্জামান চৌধুরী (৬৫)। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে ৮ জুলাই দিবাগত রাত পৌনে ২ দুইটায় ঢাকা নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
হাসপাতাল সূত্রে জানা গেছে,আনিসুজ্জামান চৌধুরী করোনা আক্রান্ত হয়ে গত ২৯ জুন মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বনিক বলেন, আনিসুজ্জামান চৌধুরীর নমুনা পূনরায় পাঠানোর পর গত মঙ্গলবার রিপোর্ট আসে নেগেটিভ। করোনা ছাড়াও তার অন্যান্য রোগ ছিল। বুধবার রাতে হঠাৎ করে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা নেয়ার পরামর্শ দেয়া হয়। রাতেই এ্যাম্বুলেন্সে করে ঢাকা রওয়ানা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেন, মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার গ্রামের বাড়ি উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গায়। বর্তমানে তিনি মতলব পৌরসভার কলাদী এলাকায় বসবাস করতেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, তিনি করোনা আক্রান্ত হয়ে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তাই তাকে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থানে দাফনের কাজ সম্পন্ন করা হয়।
এমপি রুহুলের শোক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনিসুজ্জামান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল। তিনি মরহুম আনিসুজ্জামান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন মহান আল্লাহর তায়ালার কাছে প্রার্থনা করেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমপির এপিএস অ্যাড. মো. লিয়াকত আলী সুমন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক জানানো হয়েছে।
১২ জুলাই, ২০২০।
