শীতের আগমনী বার্তা : বাজারে মৌসুমী সবজি’র আগমন

 

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে মৌসুমী সবজি’র পসরা সাজিয়েছে বিক্রেতা।- ইলশেপাড়

মনিরুল ইসলাম মনির :
কার্তিকের মাঝামাঝিতে এসে চাঁদপুরে হাল্কা শীত পড়তে শুরু করেছে। শহরতলী বা শহরের বাইরে এর কিছুটা অনুভব করা গেলেও শহরে তা এখনো সেভাবে বুঝা যাচ্ছে না। হাল্কা শীতের সাথে সকালের শিশির নতুন তরকারি বা সবজির জন্য খুব উপকারী। এরই মধ্যে কিছু কিছু শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে সেসব সবজি এখনো সাধারণ ক্রেতাদের নাগালের অনেকটা বাইরে।
এসময় বাজারে সবজির দাম কিছুটা চড়া থাকায় ক্রেতাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আর বিক্রেতারা বলছেন, দাম খুব একটা বেশি হয়নি। মূলত যেসব সবজির যোগান কিছুটা কম সেগুলো হাল্কা দাম বেড়েছে। এর বাইরে কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে। নুতন সবজি এখন যেভাবে আসার কথা ঠিক সেভাবে বাজারে আসেনি। এজন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
শীতের সাথে অঙ্গা-অঙ্গিভাবে জড়িয়ে আছে নানান রকমের সবজি। আর তাই আমাদের কাছে শীতের সবজির রয়েছে আলাদা এক মাত্রা। শীতের আগমনী বার্তা পাবার সাথে সাথেই নানান রকমের সবজিতে ভরে ওঠে মাঠ। কৃষকরা ব্যস্ত হয়ে পড়েন লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপিসহ হরেক রকমের সবজির চাষ নিয়ে। এসময় চারদিকে আয়োজন চলে সবজি চাষের। বিশেষ করে শীতকালীন সবজি নিয়ে মাঠে মাঠে ভোর থেকে ব্যস্ত সময় কাটান সবজি চাষিরা।
একটা সময় ছিলো যখন কৃষকদের পাশাপশি প্রায় বাড়িতে নানান ধরণের সবজির চাষ হতো। গৃহিনীরা তাদের দৈনন্দিন অন্য কাজের সাথে শীতের সময় ঘরের পাশে মাচা বেধে শীম, লাউ আর শাকসবজির চাষ করতেন। মূলত শখ আর কিছুটা টাটকা সবজির স্বাদ নিতেই তাদের এ আয়োজন। আবহমান কাল ধরে এটাই ছিলো শীত মৌসুমে বাংলার চিরায়ত রূপ। সময়ের বাস্তবতায় এখন আর সেই চেহারা নেই গ্রামবাংলার। নেই আগের মতো সে সুযোগও। আর তাই এখন সবাইকে মূলতঃ শীতকালীন সবজির জন্য বাজরের উপরই নির্ভর করতে হয়।
ছেংগারচর বাজারের তরকারি বিক্রেতা আবদুল হক জানান, এবার পানির জন্য আগেবাগে সবজি চাষ সম্ভব হয়নি। নতুন সবজি এলে দাম আরো কমবে। গত সপ্তাহের তুলনায় এহপ্তায় পেপের দাম কিছুটা বেড়েছে। মূলত বাজারে যোগান না থাকায় এটা হচ্ছে। তবে কিছু কিছু শাক-সবজির দাম কমেছে। সামনে আরো কমবে।
এখলাছপুর বাজার, কালীর বাজার, কালিপুর বাজার, সুজাতপুর বাজার ঘুরে দেখা গেছে বাজারে নতুন নতুন কিছু মৌসুমী সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে দাম কিছুটা বেশি। নতুন সবজির মধ্যে লালশাক, কপি, শিম, নতুন আলু, টমেটো বাজারে এসেছে। এর বাইরে মুলা, চিচিঙ্গা, করলা, গাজর এসেছে বেশ কিছুটা আগে থেকে।
তবে সবজির দাম দাম বেশ চড়া। লালশাকের দাম কিছুটা কম। এই শাক আটিপ্রতি বিক্রি হচ্ছে দশ টাকা। যা গত সাপ্তাহে ছিলো পনেরো টাকা। লাউ বিক্রি হচ্ছে প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা। যা গত সাপ্তাহে ছিলো ৭০ টাকা। ফুলকপি প্রতিটি ৫০ থেকে ৫৫। শিমের দাম কিছুটা কেজি প্রতি ১৬০ টাকা।