মাদরাসা পড়ুয়া মেয়েকে দেখতে এসে গাড়ির ধাক্কায় প্রাণ গেল সেই মায়ের
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে গাড়ির ধাক্কায় নিহত অজ্ঞাত সেই নারীর পরিচয় এবং ঘাতক গাড়ির খোঁজ মিলেছে। তিনি উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের গাজী বাড়ির প্রবাসী মো. শাহআলমের স্ত্রী মমতাজ বেগম (৪৫)। তার ৪ মেয়ে সন্তান রয়েছে। গত মঙ্গলবার বিকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মমতাজ বেগম সোমবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা এলাকায় আব্দুল আজিজের বাড়ির সামনে দ্রুতগামী সিএনজিচালিত স্কুটারের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তিনি প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস দেলোয়ার হোসেন জানান, মমতাজ বেগম মানসিকভাবে কিছুটা এ্যাব-নরমাল ছিলেন। তার ছোট মেয়ে পৌরসভাধীন ধেররা এলাকার একটি মাদরাসায় আবাসিকে পড়ালেখা করে। ওইদিন রাতে মেয়েকে দেখতে এসে তিনি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।
তিনি বলেন, ঘাতক সিএনজিচালিত স্কুটার ও মালিক চিহ্নিত হয়েছে। গাড়ির মালিক গরিব ও অসহায় মানুষ। তাই নিহতের পরিবার ও গাড়ির মালিক পক্ষের প্রাথমিকভাবে সমঝোতা হয়। যার ফলে নিহতের পরিবার থানায় অভিযোগ করেনি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে এবং তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়।
২৭ জানুয়ারি, ২০২২।
