হাজীগঞ্জ পৌরসভার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভায় বহুল প্রতিক্ষিত ভূ-পৃষ্ঠস্থ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের (পানি শোধনাগার প্রকল্প) উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। রোববার (২০ জুন) বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পাশে পৌরসভাধীন মিঠানিয়া ব্রিজ সংলগ্ন পৌর কবরস্থানের পাশেই প্র্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্লান্টের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আ.স.ম মাহবুব উল-আলম লিপনের প্রশংসা করে টেলিকনফারেন্স মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, এই পানি শোধনাগারের উদ্বোধনের মধ্য দিয়ে মেয়রের প্রচেষ্টার ফসল ও সুফল জনগণ পাচ্ছে। আশা করি এখন থেকে পৌরবাসী সুপেয়, নিরাপদ, আর্সেনিক ও আয়রনমুক্ত বিশুদ্ধ পানি পাবে। এ ক্ষেত্রে পানির উৎপাদন বৃদ্ধি ও অপচয় রোধ করে গরিব ও অসহায়দের বিনামূল্যে সেবা দিতে হবে।
জনস্বাস্থ্যের প্রকৌশলীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পানি প্রয়োজনীয় অমূল্য সম্পদ। যেহেতু চাঁদপুরে পানিতে আর্সেনিক ও আয়রনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। আবার চাঁদপুরের চেয়ে হাজীগঞ্জে এর পরিমাণ আরো বেশি। তাই নিয়মিত পানির বিশুদ্ধতা ও আর্সেনিক পরিক্ষা করতে হবে।
ভালো একটি দিনে পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন হয়েছে উল্লেখ করে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩ হাজারেরও বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ পাকাঘর উপহার দিয়েছেন। আজ হাজীগঞ্জেও সুপেয় পানির উৎস হিসেবে পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে। যা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশ ও জাতীর উন্নয়নে বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। যার সুফল আমরা সবাই ভোগ করছি। তাই গরিব ও সাধারণ মানুষকে সেবা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্বের কথা আমাদের ইসলাম ধর্মেও বলা হয়েছে।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, এই সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের পাশাপাশি এই প্রকল্পের আওতায় নতুন করে প্রায় ৩১ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। এর মধ্যে পৌরসভার ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে ১ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়। সেখানে একটি পাম্প বসানোর মাধ্যমে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, উল্লেখিত তিনটি ওয়ার্ডে সাপ্লাই পানির ব্যবস্থা না থাকার কারনে তিনটি ওয়ার্ডে ২১টি গভীর আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করা হয়েছে। আশা করি খুব শিঘ্রই একটি পানির পাম্প বসানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে পারবো আমরা। এ সময় তিনি পৌরসভায় আরো একটি প্লান্ট স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল। বক্তব্য শেষে প্রধান অতিথির পক্ষে নামফলক উন্মোচন করেন সভাপতিসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ কেন্দ্রিয় বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম হাফেজ মো. ফয়সাল হোসাইন।
পৌর সচিব মুহাম্মদ নূর আজম বিন শরীফের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া, মানিক হোসেন প্রধানীয়া, আলহাজ কবির হোসেন মিয়াজী, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক ও সাধারণ সম্পাদক সমির লাল দত্ত।
এছাড়া হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহনসহ অন্যান্য অতিথিবৃন্দ, পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২১ জুন, ২০২১।