মনিরুল ইসলাম মনির
অনুমতি ছাড়াই অবৈধভাবে মতলব উত্তর উপজেলাসহ সারা জেলায় ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের কারণে হুমকির মুখে পড়েছে বিপুলসংখ্যক কৃষি জমি। সরকারি খালসহ কৃষি জমি ঘেঁষা খালের পাড় থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু ও মাটি উত্তোলন করায় পাড় ভেঙে কৃষি জমিগুলো এখন ভাঙনের মুখে পড়েছে।
এতে করে জমি নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে অনেক কৃষক। ইতোমধ্যে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ কৃষি জমি রক্ষায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে।
সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেও কৃষি জমি ভরাট করে বাড়ি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, অবৈধ হ্যান্ড ড্রেজার মেশিন বসিয়ে খালের পাশে থাকা ইরি-বোরো জমির আইল ঘেঁষে বালু উত্তোলন করায় কৃষি জমি হুমকির মুখে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন কৃষক জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের এ কাজে বাধা দিলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বলেন, কৃষি জমি মাটি ড্রেজার দিয়ে কেটে নিচ্ছে এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্তদের ছাড় দেয়া হবেনা। অভিযান চালিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। আইন অমান্যকারী দুই বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বলাবাহুল্য, এসব আইনের কোনো প্রয়োগ নেই। আর আইন ভঙ্গকারী যদি রাজনৈতিকভাবে প্রভাবশালী হন, তাহলে তো আইন প্রয়োগের কোনো প্রশ্নই নেই।
১০ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে কৃষি জমি
