হাজীগঞ্জে গ্যাস লাইন সংস্কার করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ

ইলশেপাড়ে সংবাদ প্রকাশের পর

মোহাম্মদ হাবীব উল্যাহ্

দৈনিক ইলশেপাড়ে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডের (রাস্তা) মুখে অবস্থিত লিকেজকৃত গ্যাস লাইন সংস্কার করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ও আগের দিন বুধবার বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে উল্লেখিত স্থানের এই গ্যাস লাইন সংস্কার করতে দেখা গেছে।

এর আগে গত ৫ অক্টোবর ‘বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ’ করে দৈনিক ইলশেপাড়ে একটি সচিত্র ক্যাপশন নিউজ প্রকাশিত হয়। এরপরই গ্যাস লাইন সংস্কার করা হয়। গ্যাস লাইনে লিকেজ ছিল বলে জানিয়েছেন, সংস্কার কাজের অপারেটর মো. নুরুল ইসলাম। এদিকে গ্যাস লাইনটি সংস্কার করায় বাখরাবাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা।

ওই ক্যাপশন নিউজটি পাঠকের উদ্দেশে আবারো তুলে ধরা হল। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ….। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডের (রাস্তা) মুখে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। এই বুদবুদের স্থানে দিয়াশলাইয়ের কাঠি জ্বালালেই আগুন ধরে যাচ্ছে। এতে করে স্থানীয় মানুষের মনে, যে কোন সময় আগুন ধরে যাওয়ার আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সরজমিন পরিদর্শন করে দেখা যায়, ডিগ্রি কলেজ রাস্তার মুখে ড্রেনের পাশে জমে থাকা পানি ও কাদা ঠেলে গ্যাসের বুদবুদ হচ্ছে। তবে এমনিতে গ্যাস বের হওয়ার বিষয়টি বোঝা যায়না। পানি বা কাদা জমে থাকলে পিচঢালা সড়কের ফাঁক দিয়ে গ্যাসের বুদবুদ পানিতে দৃশ্যমান হয়।

স্থানীয়রা জানান, বাজারের এই রাস্তা দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ এবং সিএনজিচালিত স্কুটার, ট্রাক, পিকআপ ও অ্যাম্বুলেন্স চলাচল করে। গ্যাসের এই বুদবুদে আগুন ধরে যাওয়ার আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাই অনাকাক্সিক্ষত দুর্ঘটনার এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

১০ অক্টোবর, ২০২০।