ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টে স্থাপিত
স্টাফ রিপোর্টার
ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট ও চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে চাঁদপুরে স্থাপিত করোনা তথা কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষাগার আজ উদ্বোধন করা হবে। চাঁদপুর শহরের নতুনবাজারস্থ কদমতলা এলাকায় ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের নামে বরাদ্দকৃত ফ্ল্যাটে এ পরীক্ষাগারটি স্থাপন করা হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টায় এটি উদ্বোধন করা হবে। উদ্বোধনের মধ্যে দিয়েই চাঁদপুরে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে।
এদিকে রোববার (২৬ জুলাই) এ প্রতিবেদক সরজমিনে এ পরীক্ষাগার দেখতে যান। সেখানে কথা চাঁদপুর মেডিকেল অধ্যক্ষ প্রফেসর ডা. জামাল সালেহ উদ্দীন আহমেদে এবং ল্যাবে কর্মরত ৭ জন টেকনেশিয়ানের টিম লিডার ডা. ত্রিদিপ দাসের সাথে।
সরজমিনে দেখা গেছে যে, এ ল্যাবরেটরীতে পিসিআর মেশিনসহ পরীক্ষার জন্য সব যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এখন শুধু পরীক্ষার জন্য প্রয়োজনী কীট এবং নমুনা সংগ্রহ হলেই পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে। এ পরীক্ষাগারে চট্টগ্রাম ভেটেরিনারী ও অ্যানিমেল সাইন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু) থেকে ৭ জন কর্মকর্তা এক মাসের জন্য নিয়োগ দেয়া হয়েছে। ৭ জন হচ্ছেন সিভাসুর পিআরটিসির বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. ত্রিদিপ দাস (টিম লিডার), ডা. চন্দন নাথ, ডা. মোক্তাদির বিল্লাহ রেজা, ডা. সাদিয়া জিন্নুরাইন, ডা. আবু জোবায়ের তানজিন, ডা. রায়হান খান নাঈম ও রাজিয়া সুলতানা।
ল্যাবের বিষয়ে কথা হয় চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, এখানে শুধুমাত্র যে কোভিড-১৯ পরীক্ষা হবে তা নয়। এক সময় ভাইরাসটি চলে গেলেও আরও নতুন নতুন যেসব ভাইরাসের আবির্ভাব হবে সেগুলোর পরীক্ষাও ল্যাবে করা যাবে। এছাড়া ডিএনএ, আরএনএ টেস্টসহ মানব দেহের আরো জটিল পরীক্ষাগুলো এখানে করা যাবে।
তিনি আরো জানান, এই ল্যাবটি স্থাপনে চাঁদপুর মেডিকেল কলেজের জন্যে অনেক বড় সাফল্য এবং সহায়ক হয়ে গেলো। এখানে প্রশিক্ষণ নেয়ার জন্যে একটি টিম তিনি গঠন করেছেন বলে জানান।
২৬ জুলাই, ২০২০।
