আজ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

চাঁদপুরে সাড়ে ৫২ হাজার পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার
আজ রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে চাঁদপুর জেলার ৫৬টি কেন্দ্রে ৫২ হাজার ৪শ’ ৭৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেবে ৪৫ হাজার ৬শ’ ১৬ জন আর ইবতেদায়ী সমাপনীতে অংশ নেবে ৬ হাজার ৮শ’ ৫৭ জন পরীক্ষার্থী।
আজ সকাল ১০টায় এক ও অভিন্ন সময়সূচিতে চাঁদপুর জেলার ৮ উপজেলায় এ পরীক্ষা শুরু হবে। এই বিপুলসংখ্যক শিশুর কল-কাকলীতে মুখরিত থাকবে পরীক্ষা কেন্দ্রগুলো। ছোট্ট সোনামনিরা তাদের শিক্ষা জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষায় আজ অংশ নেবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস তথ্যমতে, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলা থেকে ৮ হাজার ৮শ’ ৭৫ জন, কচুয়া উপজেলা থেকে ৬ হাজার ৯শ’ ৫৯ জন, হাজীগঞ্জ উপজেলা থেকে ৬ হাজার ১শ’ ১৮ জন, হাইমচর উপজেলা থেকে ২ হাজার ১শ’ ৩৯ জন, শাহরাস্তি উপজেলা থেকে ৪ হাজার ৫শ’ ১০ জন, ফরিদগঞ্জ উপজেলা থেকে ৭ হাজার ১শ’ ১০ জন, মতলব দক্ষিণ উপজেলা থেকে ৩ হাজার ৯শ’ ১৬ জন এবং মতলব উত্তর উপজেলা থেকে ৫ হাজার ৮শ’ ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।
এবছর ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে চাঁদপুর সদর উপজেলা থেকে ১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এছাড়া কচুয়া উপজেলা থেকে ১ হাজার ২শ’ ৭৮ জন, হাজীগঞ্জ উপজেলা থেকে ১ হাজার ১শ’ ৮, হাইমচর উপজেলা থেকে ২শ’ ৮২ জন, শাহরাস্তি উপজেলা থেকে ৭শ’ ৭৩ জন, ফরিদগঞ্জ উপজেলা থেকে ১ হাজার ৫শ’ ২১ জন, মতলব দক্ষিণ উপজেলা থেকে ৪শ’ ৯৫ জন এবং মতলব উত্তর উপজেলা থেকে ৩শ’ ৩৬ জন পরীক্ষার্থী অংশ নেবে।