চাঁদপুরে আয়কর মেলার উদ্বোধন

দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে কর দিতে হবে
…………… নাছির উদ্দিন আহমেদ
স্টাফ রিপোর্টার
‘আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব, আয়করে প্রবৃদ্ধি দেশ ও দলের সমৃদ্ধি’ এ শ্লোগানে চাঁদপুরে আয়কর মেলার উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়াম প্যাভিলিয়নে আয়কর জেলা অফিসের আয়োজনে ৪ দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ স্বাধীন বাংলাদেশে আমরা পেতাম না। উন্নতশীল রাষ্ট্র বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়কর মেলার সূচনা করেছিলেন। আমাদের দেশের নাগরিকদের মধ্যে যারা স্বাবলম্বী রয়েছে তাদের কর দেয়া উচিত। বর্তমানে করদাতার সংখ্যা এক কোটির নিচে। এদের বাড়িয়ে এক কোটিতে আনতে হবে। দেশের প্রত্যেক নাগরিকই পরোক্ষভাবে কর দেয়। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে প্রতিটি নাগরিককে কর দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার এ দেশের উন্নয়নে বিভিন্ন মাল্টিপ্ল্যান প্রকল্প গ্রহণ করেছে। জনসাধারণকে কর দিতে উদ্বুদ্ধ করছে। ভালো কাজ করলে নিজে কখনো বলতে হয় না। আমি যদি ভালো কাজ ও জনগণের সেবা করে থাকি, রাষ্ট্রের উন্নয়ন করে থাকি, তাহলে মানুষ এমনিতেই আমাকে সম্মান করবে ও ভালোবাসবে।
বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা অঞ্চলের কর কমিশনার এমএম ফজলুল হক বলেন, কুমিল্লা কর অঞ্চল নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের কর্মকর্তারা আগের চাইতে অনেক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এসেছেন। যারা কর দেয়ার যোগ্য তাদের আমরা বুঝিয়ে কর প্রদানে উৎসাহিত করতে অনেকটা সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, কর না দেয়া একটি বড় ধরনের অপরাধ। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে কর মেলার মাধ্যমে রাজস্ব বহুগুণ বৃদ্ধি করেছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
চাঁদপুর কর-অঞ্চলের সহকারী কমিশনার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এবং কর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উচ্চমান সহকারী আব্দুর রহমানের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা কর অঞ্চলের সহকারী কর কমিশনার মো. শাখাওয়াত হোসন। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. মোরশেদ আলম ও গীতা পাঠ করেন ব্রহ্মচারী স্বপন চৈতন্য।
আলোচনা সভা শেষে ফিতা কেটে আয়কর মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলায় সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক ও কর অফিসের স্টলসহ মোট ১৫টি স্টল রয়েছে। আগামি ১৯ নভেম্বর মেলা শেষ হবে।