আজ লক্ষ্মীপুর মডেল ইউপি’র চেয়ারম্যান-মেম্বারদের শপথগ্রহণ

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, মহিলা মেম্বার ও সাধারণ মেম্বারদের গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। আজ ১১ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কক্ষে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম খানের শপথ বাক্য পাঠ করাবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ এবং একই দিনে বিকেল ৪টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা মেম্বার ও সাধারণ মেম্বারদের শপথ পাঠ করাবেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যানসহ প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম খান এবং ৯টি ওয়ার্ডের সাধারণ মেম্বার ও মহিলা মেম্বারদের নাম ঘোষণা করেন।
এরা হচ্ছেন : সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ড থেকে হোসনে আরা বেগম বিউটি, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড থেকে হাসিনা আক্তার এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে সিমা আক্তার এবং সাধারণ সদস্য (মেম্বার) : ১নং ওয়ার্ড থেকে দুলাল বেপারী, ২নং ওয়ার্ড থেকে মো. মনির হোসেন শেখ, ৩নং ওয়ার্ড থেকে মো. শফিক ইসলাম রাঢ়ী, ৪নং ওয়ার্ড থেকে মো. হারেস মজুমদার, ৫নং ওয়ার্ড থেকে মো. হারুনুর রশিদ মিয়া, ৬নং ওয়ার্ড থেকে শাহআলম মাঝি, ৭নং ওয়ার্ড থেকে মো. হাবিবুর রহমান টিটু, ৮নং ওয়ার্ড থেকে মো. ফারুক মাঝি ও ৯নং ওয়ার্ড থেকে মো. জহিরুল ইসলাম হাওলাদার।
১১ মার্চ, ২০২১।