মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য এমএ মতিনের আজ বুধবার (২৬ মে) প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে মরহুম এমএ মতিনের বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং টোরাগড় গ্রামের মুন্সী বাড়ির প্রয়াত জুনাব আলী মুন্সীর ছেলে। এমএ মতিন আমৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন।
হাজীগঞ্জ-শাহরাস্তিসহ জেলার সর্বস্তরের মানুষের কাছে ‘মতিন স্যার’ হিসেবে খ্যাত ছিলেন, এম.এ মতিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সংসদীয় আসন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে চারবার প্রতিনিধিত্ব করেছেন।
এছাড়া মরহুম এম.এ মতিন উপজেলা চেয়ারম্যান ও হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি হাজীগঞ্জ পাইলট হাই স্কুলে শিক্ষকতা করেছেন, বর্তমানে যেটি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত।
২৬ মে, ২০২১।
