ফরিদগঞ্জ ব্যুরো
আজ ২৫ নভেম্বর ফরিদগঞ্জমুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাক-হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ফরিদগঞ্জ। যথাযথ শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলাবাসী। দিনটিকে স্মরণে রাখতে উপজেলা মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদ অন্যান্য বছরের মতো ২২ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করছে।
এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে হানাদার বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তারা যাওয়ার পথে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পড়ে। সেখানে থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এসময় পাকবাহিনীর গুলিতে কয়েকজন মানুষও মৃত্যুবরণ করেন।
এদিকে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র মানুষের স্মৃতি স্মরণে ১৯৯৫ সালে ফরিদগঞ্জ উপজেলা সদরে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। প্রতি বছর এদিনে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন এখানে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া দিবসটিতে মুক্তিযোদ্ধের স্মৃতি ও ইতিহাস-ঐহিত্য নিয়ে আলোচনা সভা এবং নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
দিনটির স্মৃতি ধরে রাখতে উপজেলা মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদ ফরিদগঞ্জ পৌরসভা মাঠে আজ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ২২ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করেছে।
২৫ নভেম্বর, ২০২২।
