আন্তর্জাতিক নারী দিবসে সনাকের সেমিনার ও পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র আয়োজনে ‘নারীর ক্ষমতায়নে আজকের নারীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব নয়, প্রয়োজন সচেতনতার। আমি মনে করি ৩৬৫ দিনই নারী দিবস। আজকের দিনটি শুধুমাত্র একটি বিশেষ তারতম্য বহন করে। সংবিধানের ২৮(২) ও ২৮(৪) অনুচ্ছেদে নারী ও শিশুদের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। নারীদের প্রতি কোন সহিংসতা হলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের অনাচার ও কুসংস্কার কোন ধর্মীয় শিক্ষা থেকে আসেনি। আমরা আমাদের অন্ধ বিশ্বাস ও আচার আচরণের মধ্য দিয়ে বৈষম্য তৈরি করেছি এবং নারীরা পুরুষের বৈষম্যের শিকার হচ্ছে। তিনি আরও বলেন, নারী নির্যাতনের মূল সমস্যা হলো যৌতুক। নারী পুরুষের বৈষম্য দূর করতে আমাদের পারিবারিকভাবে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নারী নির্যাতন পুরুষ একা করতে পারে না। এক্ষেত্রে নারীদেরও ভূমিকা আছে। প্রথমত একজন নারীকে শিক্ষিত হতে হবে। তারপর নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। অর্থনৈতিকভাবে অন্যের উপর নির্ভরশীল না থাকলে নারীর প্রতি সহিংসতা কমে যাবে। আজ খুবই তথ্যবহুল ও সুন্দর একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। প্রবন্ধে বিভিন্ন মাধ্যমে নারীকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, নারীকে নেগেটিভভাবে উপস্থাপন করলে সমাজও নেগেটিভভাবে নেবে। আর পজেটিভভাবে উপস্থাপন করলে সমাজও পজেটিভভাবে নিবে। আমাদের সময় হয়েছে নিজেদের যোগ্যতা দিয়ে নিজেকে তৈরি করতে। নারীকে মূল শ্রোতধারায় নিয়ে আসতে হবে। কেই কাউকে জায়গা করে দেয় না। নিজের যোগ্যতা ও কাজ দিয়ে নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা পলিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
সনাকের সহ-সভাপতি ডা. পীযূষ কান্তি বড়–য়ার পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সনাকের সহ-সভাপতি সবিতা বিশ্বাস। প্রবন্ধের উপর আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বটি পরিচালনা করেন সনাকের সহ-সভাপতি সবিতা বিশ্বাস। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ মাহমুদা খানম, মুক্তা পীযূষ, পাপড়ী বর্মণ, কবিতা সাহা, সনাক সদস্য কৃষ্ণা সাহা, ইসমত আরা সাফি বন্যা প্রমুখ।
সচেতন নাগরিক কমিটি (সনাক)-চাঁদপুরের ইয়েস গ্রুপের আয়োজনে চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীর অংশগ্রহণে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০জনকে সনাক-চাঁদপুরের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। সেমিনারে আরও অংশগ্রহণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সদস্যবৃন্দ, ওয়াইডাব্লিউসিএস’র শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সনাক-চাঁদপুর সদস্যবৃন্দ, স্বজন গ্রুপের সদস্যবৃন্দ, ইয়েস গ্রুপের সদসৃবন্দ, অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্যবৃন্দ।

০৯ মার্চ, ২০২২।