আলগী বাজার-নয়ানী সড়ক পরিদর্শন

সড়ক প্রশস্তকরণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে : নূর হোসেন পাটওয়ারী

সাহেদ হোসেন দিপু :
চাঁদপুর-হাইমচর সড়কের আলগী বাজার-নয়ানী এলাকার রাস্তা প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গত রোববার বেলা ১২টায় এলাকা সরজমিনে পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী সড়কটির গুরুত্ব তুলে ধরে বলেন, সারাদেশের মতো জেলা সদরের সাথে উপজেলা সদরের একটি প্রশস্ত সড়ক থাকার কথা থাকলেও হাইমচর উপজেলা সদর থেকে জেলা সদরের কোন সড়ক নেই। কয়েক বছর আগে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে জেলা সদর থেকে নয়ানী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ হলেও নয়ানী থেকে উপজেলা সদর আলগী বাজার মনুমিয়া সরদার বাড়ি ব্রিজ পর্যন্ত সরু/চিকন এবং আকাবাঁকা একাধিক বিপজ্জনক মোড়সহ সড়কটি উন্নয়ন করা হয়নি। ফলে এখানে যত্রতত্র দুর্ঘটনা ঘটেই চলছে। তাই সড়কটি উন্নয়ন জরুরি হয়ে পরেছিলো।
তিনি বলেন, উন্নয়নের প্রধানতম অঙ্গ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। হাইমচর আলগী বাজার-নয়ানী সড়ক (২৪ ফুট) প্রশস্তকরণ কাজের মাধ্যেমে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে। জীবন যাত্রার মানোন্নয়নের সাথে এ অঞ্চলের উন্নয়নে সড়কটি গুরুত্ব বহন করে। এসময় সড়ক নির্মাণে পার্শ¦বর্তী মানুষজনের সহযোগিতা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া মনু মিয়া সরদার বাড়ি ব্রিজ থেকে আলগী বাজার প্রধান সড়কটির উন্নয়ন করা হবে বলে তিনি জানান।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান বলেন, নয়ানী থেকে আলগীবাজার পর্যন্ত সড়কটি প্রশস্তকরণ ও উন্নয়নে দ্রুত ব্যবস্থাগ্রহণ করা হবে। তার ধারাবাহিকতায় আজ আমরা সরজমিন পরিদর্শন করলাম। উন্নয়ন কাজ বাস্তবায়নে প্রক্রিয়া চলছে। এছাড়া আলগী বাজার প্রধান সড়কটিও আরসিসি পাকাকরণ করা হবে। আলগী বাজার হাসপাতাল মোড় থেকে তেলির মোড় পর্যন্ত সড়কটিও উন্নয়ন ও সংস্কার কাজ অনুমোধন হয়েছে। উল্লেখিত কাজগুলো বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই বাস্তবায়ন হবে।
সড়ক উন্নয়ন পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম বাশার, সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, হাইমচর উপজেলা প্রকৌশলী মো. ইমাম হোসাইন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।