আশিকাটিতে পল্লী বিদ্যুতের নতুন লাইন খুঁটি থেকে বিচ্ছিন্ন

পারিবারিক শত্রুতার জের ধরে

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামে নতুন লাইন নির্মাণকৃত লাইন পারিবারিক শত্রুতার জের ধরে খুঁটি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। গত ৭ মার্চ সেনগাঁও গ্রামের আলী মৃধা ছেলে মোখলেছ মৃধা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। পল্লী বিদ্যুতের নিয়ম লঙ্ঘন করে মোখলেছ মৃধা জোরপূর্বক নির্মাণকৃত খুঁটি থেকে লাইন বিচ্ছিন্ন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, সেনগাঁও গ্রামের মৃত রুহুল আমীন মৃধার ছেলে মিজানুর রহমান মৃধা তাদের বসতবাড়ির জন্য পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ আবেদন করে নতুন লাইন নির্মাণ করার জন্য প্রক্রিয়া করে। তার আবেদনের প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতি পোল টু পোল খুঁটি দিয়ে তাদের বাড়ির জন্য লাইন টানে। কিন্তু গত ৭ মার্চ মোখলেছ মৃধা পল্লী বিদ্যুৎ সমিতিকে না জানিয়ে নিজের ইচ্ছেমত খুঁটি থেকে লাইন বিচ্ছিন্ন করে।
এ বিষয়ে মোখলেছ মৃধা স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরাই নতুন নির্মাণকৃত খুঁটি থেকে লাইন বিচ্ছিন্ন করি। ঢাকার এক পল্লী বিদ্যুৎ অফিসের লোকের কথায় তা করেছি।
এ বিষয়ে মিজানুর রহমান মৃধা বলেন, তারা পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা করেছে। সরকারি কাজে বাঁধা প্রদান করেছে। আমরা এ বিচার চাই।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের বলেন, যারা এ ঘটনা করেছে তারা সম্পূর্ণ বেআইনিভাবে করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারা সরকারের কাজে বাঁধা দিয়েছে।