
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা এলাকার ৫নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি পরেশ মালাকার।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, বছরের এই একটি দিনের জন্য শিক্ষার্থীরা অপেক্ষায় থাকে। কবে তাদের এই বার্ষিক ক্রীড়ার দিনটি আসবে। কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে। সুস্থ মন থাকলেই পড়ালেখায় তারা ভালো ফলাফল করতে পারবে। জাতির জনকের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার জন্য বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। মহান মুক্তিযুদ্ধের আগে এ জাতি ছিল একটি ঘুমন্ত জাতি। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ঘুমন্ত এই জাতিকে জাগ্রত করেছেন। আর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে এ জাতি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। বঙ্গবন্ধু এই স্বাধীনতার জন্য মৃত্যুর দুয়ার পর্যন্ত গিয়েছেন। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল। তখন তারা এই দেশটিকে তারা সাম্প্রদায়িক দেশ হিসেবে গড়তে চেয়েছিল। বর্তমান জাতির জনকের কন্যা শেখ হাসিনা সরকার প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে। ২০৩০ সালের মধ্যে এদেশে কোন মানুষ নিরক্ষর থাকবে না। শতভাগ শিক্ষিত হবে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের কোনভাবেই স্কুলের বাইরে রাখা যাবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানছুর আহমেদ, শিক্ষাবিদ প্রফেসর রনজিৎ কুমার বনিক, কাউন্সিলর বিএম শাহাজাহান, আয়েশা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তপন সরকার। কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী এসডু। ডা. জেআর ওয়াদুদ টিপুর পক্ষে বক্তব্য রাখেন অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, বিতর্ক একাডেমির সভাপতি ডা. পীযুষ কান্তি বড়–য়া।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তপন সরকার। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু। এই পর্বে জাতীয় সংগীতের মাধ্যমে অতিথিরা জাতীয়, ক্রীড়া ও বিদ্যালয় পতাকা উত্তোলন করেন। পরে পায়রা উড়িয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়ার সূচনা করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রেহান ও গীতা পাঠ করে দেবকী রায় চৌধুরী।
দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ৫নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক আহমেদ, ফৌজিয়া সুলতানা, রায়হানা আক্তার, মাহফুজা আক্তার, মিতা রাণী দাস ও নাদিয়া রহমান।
