ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরীর জমিতে বিদ্যুতের টাওয়ার নির্মাণ অব্যাহত

আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা জজ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে শহরের বাগাদী রোডের ইচলী ঘাটে অবস্থিত ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরীর জমিতে জোরপূর্বক বিদ্যুতের টাওয়ার নির্মাণ কাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের বাগাদী রোডের ইচলী ঘাট সংলগ্ন ‘চাঁদপুর পাওয়ার জেনারেশন্স লিমিটেড’ পার্শ্ববর্তী ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরীর জমির উপর বিদ্যুতের টাওয়ার নির্মাণ ও প্রতিষ্ঠানটির উপর দিয়ে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন সংযোগ নিচ্ছে।
বিদ্যুতের টাওয়ার নির্মাণ ও প্রতিষ্ঠানটির উপর দিয়ে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন সংযোগ বন্ধের দাবিতে চাঁদপুর ইচলী ঘাটে অবস্থিত ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মফিজুর রহমান বাদী হয়ে চাঁদপুর পাওয়ার জেনারেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপক (কনস্ট্রাকশন) মো. নাসির উদ্দিন, প্রজেক্ট ম্যানেজার মো. নাসির উদ্দিন নাসিম ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীরকে বিবাদী করে চলতি বছরের গত ২৭ মে চাঁদপুর জেলা জজ আদালতে মামলা (নং ১০, ২০২১ইং) দায়ের করেন।
মামলার পরিপেক্ষিতে গত ২১ জুন চাঁদপুর জেলা জজ আদালতে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে ২৮ জুন তফসিল বর্ণিত নালিশী ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদান ও প্রচার করেন। এবং জারিকৃত আদেশ বিবাদী রেসপনডেন্ট পক্ষ চাঁদপুর জেলা জজ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা নোটিশ ৩০ জুন বিবাদীরা গ্রহণ করেন।
আদালতের নিষেধাজ্ঞা নোটিশ পাওয়ার পরও বাদী পক্ষের মালিকীয় ভোগ-দখলীয় সম্পত্তিতে আকৃষ্ট করে চাঁদপুর পাওয়ার জেনারেশন্স লিমিটেড আদালতের আদেশ অমান্য করে অনবরত টাওয়ারের কাজ নির্মাণ করছে বলে ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরীর পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর ইচলী ঘাটে অবস্থিত ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরীর চাঁদপুরের ইনচার্জ মো. আবু তাহের জসিম জানান, ২৮ জুন চাঁদপুর জেলা জজ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর পাওয়ার জেনারেশন্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মো. নাসির উদ্দিন নাসিম ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীরের নেতৃত্বে টাওয়ারের কাজ করে যাচ্ছে। তারা পার্শ্ববর্তী ডাকাতিয়া নদী দিয়ে নৌকায় করে এসে চুপিসারে টাওয়ারের কাজ করে। আমাদের উপস্থিতি টের পেলে কখনো তারা পালিয়ে যায়, আবার কখনো হুমকি-ধমকি দিতে থাকে। আমরা মোবাইল ফোন দিয়ে তাদের কাজ করার দৃশ্য ধারণ করে ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের জানাই।

০৭ জুলাই, ২০২১।