স্টাফ রিপোর্টার
চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর স্মরণে গত ১৫ আগস্ট বাদ আসর দৈনিক চাঁদপুর দর্পণ কার্যালয়ে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শোক সভায় বক্তারা বলেন, ইকরাম চৌধুরী নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। তিনি শুধু সাংবাদিকদের নেতা নয়, তিনি আমাদেরও নেতা ছিলেন। বক্তারা আরো বলেন, ফাউন্ডেশনকে নিয়ে ইকরাম চৌধুরীর অনেক পরিকল্পনা ছিল, স্বপ্নও ছিল। সেই সকল পরিকল্পনা এবং স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলেই এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে ইকরাম চৌধুরী আমাদের মাঝে বেঁচে থাকবে। ইকরাম চৌধুরীর স্মৃতি বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ। অতি সাধারণ একজন মানুষ।
চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে ও মো. সফিকুর রহমান মিজির পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ঢালী, ফাউন্ডেশনের কর্মকর্তা হাফেজ আহমেদ ঢালী, মো. দেলওয়ার হোসেন, অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মো. শাহআলম, সাংবাদিক শরীফ চৌধুরী, মো. এমরান হোসেন সেলিম, অ্যাড. আব্দুস সাত্তার, খন্দকার মুকবুল আহমেদ, মো. মিজানুর রহমান প্রমুখ।
এর আগে চাঁদপুর সরকারি কলেজ মসজিদে সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
১৭ আগস্ট, ২০২০।
