শাহ আলম খান
চাঁদপুরের ঐতিহ্য রূপালী ইলিশকে নিয়ে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ‘জেগে উঠো মাটির টানে’ শ্লোগানে ইলিশ উৎসব শুরু করে। এবছর গৌরবের এক যুগ পালন করা হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) উৎসবের সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ভিডিও বার্তায় বক্তব্যে বলেন, চাঁদপুরে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন সেবা সিটি সেন্টার ইলিশ উৎসব যুগপূর্তি হয়েছে।
আমার থাকার ইচ্ছা থাকার পরও সরাসরি থাকতে না পেরে দুঃখ প্রকাশ করছি। তবে আজকে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যত দিন পর্যন্ত আমরা করোনামুক্ত হতে না পারছি ততোদিন পর্যন্ত আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি।
তিনি আরো বলেন, ইলিশ সম্পদ রক্ষার জন্য সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বে আমাদের দেশের ইলিশ সম্পদ রপ্তানিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তাই এ ইলিশ সম্পদকে রক্ষা করতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ১২ বছর ধরে উৎসবের মাধ্যমে আন্দোলন করে যাচ্ছে। চতুরঙ্গ সাস্কৃতিক সংগঠনকে শুভেচ্ছা জানাই। একই সাথে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত সেবা সিটি সেন্টার এক যুগ পূর্তি ইলিশ উৎসবের উদ্বোধন ও সমাপনী করেন শিক্ষামন্ত্রী।
গত শনিবার বিকেল ৪টায় প্রথমেই নৃত্য বিষয়ক চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সংগীত প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকের দায়িত্ব পালন করেন সোমা দত্ত, রাশেদুল রাব্বি (ভাচ্যুয়েলে বিচারক ছিলেন কৃষ্ণা সাহা, তাহমিনা হারুন), অনিতা নন্দি, মৃণাল সরকার ও হারুন আল রশীদ। সংগীত প্রতিযোগিতা শেষে সংসদীয় প্রীতিবিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে অংশগ্রহণ করে ‘সরকার দলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এণ্ড কলেজ এবং বিরোধী দলে চাঁদপুর সরকারি কলেজ। স্পিকার ছিলেন চাঁদপুর বিতর্ক একাডেমীর অধ্যক্ষ ডা. পীয়ুষ কান্তি বড়ুয়া।
রাতে গোল টেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্য রাখেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা রোটারিয়ান সুরাইয়া তালুকদার, কাজী শাহাদাত, কৃষ্ণা সাহা, ইয়ং ফ্যাশনের চেয়ারম্যান মো. সেলিম খান, সহযোগী অধ্যাপক আলমগীর বাহার, অ্যাড. নাজমা আকতার, নাজ মিউজিকের চেয়ারম্যান এবিএম মাজহারুল আনাম, শাহআলম মল্লিক। হারুন আল রশীদের পরিচালনায় ও সংগঠনের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষন মজুমদারের সভাপতিত্বে তা অনুষ্ঠিত হয়। গোল টেবিল বৈঠক শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সবশেষে নাজ মিউজিক সেন্টারের পক্ষে সংগীত পরিবেশন করে জনপ্রিয় কণ্ঠশিল্পী এফএ সুমন।
৫ অক্টোবর, ২০২০।
