নেতৃবৃন্দের শোক
প্রখ্যাত আলেমেদীন, ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও মহামায়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মুজ্জাম্মিলুল হক আজ রোববার (৭ জুন) দুপুর ২টায় বরুড়ার একটি হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে সকাল ১০টায় শরীর খারাপ লাগলে তিনি হেঁটে তার ভাগিনাকে সাথে নিয়ে হসপিটালে যান। ওনার প্রেসার লো ও ডায়াবেটিস হাই ছিল। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ১ ছেলে, স্ত্রীসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। মরহুমের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা ওনার বাড়ির সামনের মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম মাওলানা মুজ্জাম্মিলুল হকের ইন্তেকালে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাওলানা মাকসুদুর রহমান শোকবার্তা দিয়েছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম মাওলামা মুজ্জাম্মিলুল হকের ইন্তেকালে জাতি একজন দীনের দায়ী ও অভিভাবকে হারাল। দীন প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। তিনি সদালাপী, মিশুক, দরদী মানুষ ছিলেন। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে তার অসামান্য অবদান জাতির কাছে তথা চাঁদপুরবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবদিন ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার সদর মাওলানা নূরুল আমিন ও সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আফসার উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা হেলাল আহমাদ ও সেক্রেটারি মাওলানা মাহদি হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ নেসার উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম পৃথক শোকবার্তা দিয়েছেন।
এদিকে মরহুমের ইন্তেকালে বাদ আসর রাজধানী ঢাকায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
০৭ জুন, ২০২০।
