মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোলাইমান প্রধান (৫৮) শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোলাইমান প্রধান ১৫ দিন যাবৎ করোনা আক্তান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে ছিলেন। গত শুক্রবার তার অবস্থা সংকটাপন্ন হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে শনিবার সকালে তিনি না ফেরার দেশে চলে যায়। সোলাইমান প্রধান রাজনীতি ছাড়াও এলাকার ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার বাদ আছর বহরী নেছার আড়ং বাজারে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিজ বাবুল, অ্যাড. জহির, মরহুমের বড় ভাই শাজাহান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ড. এম শামছুল হক মডেল কলেজের সভাপতি কামাল গাজী, যুবলীগ নেতা বারেক প্রধান, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ, ওয়ার্ড আ’লীগ নেতা রিপন হোসেনসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এমপির রুহুলের শোক
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোলাইমান প্রধানের মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুল। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এমপি নুরুল আমিন রুহুল।
১১ জুলাই, ২০২১।
