মতলব দক্ষিণে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান

৮ মামলায় ১৬শ’ টাকা জরিমানা

মতলব দক্ষিণ ব্যুরো
করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং সরকারের দেয়া বিধিনিষেধ বাস্তবায়নে মতলব দক্ষিণ উপজেলায় কঠোর অবস্থানে ছিল প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। গত ৯ জুলাই সরকার ঘোষিত লকডাউনের নবম দিনে মতলব বাজারসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উপজেলা সদরের রিক্সা স্ট্যান্ড, ম্যাক্সি স্ট্যান্ড, বাইপাস সড়ক,পানির ট্যাংকির মোড়, টিএন্ডটি এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অভিযান চালানো হয়।
অভিযানে বিধিনিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে বাজারে আসা,মাস্ক পরিধান না করা এবং বাইক নিয়ে ঘোরাফেরা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ টি মামলায় ১৬ শত টাকা জরিমানা করা হয়েছে।
এসময় বাজারে আগত মানুষজনকে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন মেনে চলার জন্য এবং বিনা প্রয়োজনে বাসা বাড়ী থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, জরিমানা করা বড় বিষয় নয়, করোনাভাইরাস থেকে সবাইকে রক্ষা করার জন্যই হচ্ছে সরকারের এ প্রচেষ্টা। তাই সবাই ঘরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারের দেয়া বিধিনিষেধগুলো মেনে চলাই হচ্ছে প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
এসময় থানার এসআই দেলোয়ার হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, রেদওয়ান আহমেদ জাকির, সদস্য সমীর ভট্টাচার্য বলু উপস্থিত ছিলেন।

১১ জুলাই, ২০২১।