এইউএপি’র সভাপতি হলেন ড. মো. সবুর খান

প্রেস বিজ্ঞপ্তি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রথম বাংলাদেশি হিসেবে এসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (এইউএপি) মতো মর্যাদাপূর্ণ সংগঠনের সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। তার নেতৃত্বে আন্তর্জাতিক এ সংগঠনের মাধ্যমে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫,৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা কার্যক্রম নতুন মাত্রা লাভ করবে। এর আগে তিনি এইউএপি’র প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৪-১৬ নভেম্বর ৩ দিনব্যাপী ঢাকায় ১৫তম আন্তর্জাতিক সাধারণ সম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতি হিসাবে শপথ নেন। তিনিই প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে এই মর্যাদাপূর্ণ সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
১৮০টি সদস্য দেশ নিয়ে গঠিত এইউএপি এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫,৯৮৪টি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে। এটি বিশ্বের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে বৃহত্তম আঞ্চলিক সংগঠনগুলোর অন্যতম। ড. মো. সবুর খান আনুষ্ঠানিকভাবে দুই বছরের মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োাজিত এইউএপি-এর ১৫তম সাধারণ সম্মেলনে ৩০টি দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৬০জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করে।
ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ড. মো. সবুর খান তথ্য প্রযুক্তি এবং শিক্ষায় ১৯৯০ দশকে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন। তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। ড্যাফোডিল গ্রুপের অধীনে বর্তমানে বাংলাদেশ, মালয়েশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আরো ৫৫টি ব্যবসা প্রতিষ্ঠান কাজ করছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বাংলাদেশে আগত এইউএপি-এর অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশে উচ্চ শিক্ষা কীভাবে মহামারীর সময়ে মিশ্র শিক্ষার বিকাশ ঘটিয়েছে সে বিষয়ে কথা বলেন। এছাড়া তিনি ড. মো. সবুর খানকে তার নতুন সভাপতিত্ব অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এইউএপি- এর সাবেক সভাপতি ড. পিটার পি. লরেল এইউএপি-এর সদস্যদের সংগঠনের কাজ চালিয়ে যাওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন এবং মহামারি পরবর্তী উচ্চ শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পরে কার্যনির্বাহী কমিটির নতুন নিয়োগপ্রাপ্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এইউএপির সাধারণ সম্পাদক এবং এইউএপি-এর বোর্ড এবং উপদেষ্টা পরিষদেও সদস্যবৃন্দ। এরপর নব-নির্বাচিত সভাপতি ড. মো. সবুর খানকে আনুষ্ঠানিক পতাকা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় সাবেক সভাপতি ড. পিটার পি. লরেল।
ড. মো. সবুর খান এইউএপি-এর কার্যকরী উদ্যোগ, সদস্যপদ এবং কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করেছেন এবং পরবর্তী স্তরে শিক্ষার্থীদের উন্নতি এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে দৃষ্টিপাত করবেন বলে জানিয়েছেন।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেন, একজন বাংলাদেশী শিক্ষা উদ্যোক্তার এইউএপি-এর মতো বৃহৎ মঞ্চের সভাপতি হওয়ার গৌরব অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ড. মো. সবুর খানের নেতৃত্বে উচ্চ শিক্ষার মঞ্চে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পরিচিতি পাবে এমনটাই তিনি আশা ব্যক্ত করেছেন।

২২ নভেম্বর, ২০২২।