ফরিদগঞ্জ ব্যুরো
ডাকাতি, নেশামিশ্রিত খাবার খাইয়ে অচেতন করে লুটের ঘটনার পর চুরির ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে। সর্বশেষ দক্ষিণ কড়ৈতলী গ্রামে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে চোরের দল ওই ইউনিয়নের আনন্দবাজার বেপারী বাড়ির শাহআলম বেপারী ঘরে চুরির ঘটনা ঘটায়।
জানা গেছে, বেপারী বাড়ির শাহআলম বেপারীর স্ত্রী লিমু বেগম রাতে ঘরে ভিতর শব্দ শুনে ঘুম থেকে জেগে যায়। পরে তিনি দেখতে পান ২ থেকে ৩ জন লোক ঘর থেকে দৌঁড়ে পালিয়ে যায়, চিৎকার দিলে পাশের লোকজন এসে দেখেন তার ঘরের দরজা খোলা আলমিরা থেকে ৫ ভরি স্বর্ণালংকার, জমি বিক্রি করার নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এ ব্যাপারে খাদিজা বেগম থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।
এর একদিন আগে একই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কাজীর ঘরে দরজা ভেঙ্গে চুরির চেষ্টা করে চোরের দল। কিন্তু বাড়ির লোকজন টের পেয়ে গেলে চোরের দল সটকে পড়ে। ওই রাতেই একই ইউনিয়নের রামদাসেরবাগ খাইনবাড়ি একটি পরিবারের তিনজন সদস্যকে নেশামিশ্রিত খাবার খাইয়ে অচেতন করে দুর্বৃত্তরা।
