নবাগত ইউএনওকে কচুয়া প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

কচুয়া ব্যুরো
কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ।
এসময় তিনি বলেন, সরকারের যে লক্ষ্য ও উদ্দেশ্য আছে তা সামনে রেখে কাজ করে যেতে চাই। পাশাপাশি কচুয়ার মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। সর্বোপরি সবার সহযোগিতাতেই আমরা আমাদের প্রত্যাশার কচুয়া গড়ে তুলবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ (অলি) ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম।
এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদক ফরহাদ চৌধুরী, আহসান হাবীব সুমন, কোষাধ্যক্ষ নুরুল হক প্রধান, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. কামাল হোসেন, সদস্য মোরশেদ আহমেদ সুমন প্রমুখ। এসময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীপায়ন দাস শুভ ৩ নভেম্বর কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে বদলি হয়ে কচুয়ায় যোগদান করেন। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় জন্মগ্রহণ করেন। এক সন্তানের জনক দীপায়ন দাস শুভর স্ত্রী বরগুনা জেলার বামনা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।