চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও এমএ জহিরুল হায়াত। গতকাল বুধবার বিকেল উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভচ্ছা বিনিময়কালে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস বলেন, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার মতলব উত্তর উপজেলা বাসীর।
এজন্য তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় আমি চাঁদপুরসহ চট্টগ্রাম বিভাগে শিক্ষাকে এগিয়ে নিতে চাই। এজন্য তিনি সকলের সহেযোগিতা কামনা করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মুক্তিযোদ্ধা রুহুল আমিন খান, সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, সাবেক ছাত্রনেতা মিরাজ খালিদ, কমিশনার আল আমিন সরকার, সিএ আমিনুল ইসলাম, এমএ খায়ের’সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস উপজেলার বেশ কয়েকটি স্কুলে ‘মিড ডে হট মিল’ কার্যক্রম চালু করেন। পরিষদ ও ব্যক্তিগত উদ্যোগে তিনি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ, বৃক্ষরোপণ, খেলাধুলার সামগ্রী প্রদান করেন। এছাড়া তিনি মতলব উত্তর উপজেলার চরাঞ্চল এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
