জীবনের ঝুঁকি নিয়ে

আহসান হাবীব সুমন
কচুয়া উত্তর ইউনিয়নের কড়ইয়া এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে ১০ গ্রামের মানুষ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে। কচুয়া উপজেলার কড়ইয়া এলাকায় প্রবাহমান সুন্দীর খালের উপর নির্মিত বাঁশের সাঁকোটি দিয়ে কড়ইয়াসহ বরুচর, নাহারা, লতিফপুর, নোয়াগাঁও, নোয়াদ্দা, সিংআড্ডা ও পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার কালিয়ারচর, গল্লাই ও নাবাবপুর এলাকার ২০ সহস্রাধিক জনগণ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে। এছাড়া এই সাঁকো ব্যবহার করে ওই এলাকার কোমলমতী শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।
ওই এলাকার বসবাসরত জনগণ কচুয়া, চান্দিনা, নবাবপুর, কুমিল্লা, চাঁদপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের পথে প্রধান অন্তরায় বহু বছর ধরে ব্যবহার করে আসা বাঁশের সাঁকো। যার ফলে এলাকার মানুষের প্রয়োজনীয় মামামাল পারাপারে দুর্ভোগ পোহাতে হয়। চলাচলের অসুবিধার কারণে আধুনিকতার ছোঁয়া লাগেনি ওই এলাকার বসবাসরতদের মাঝে। ফলে ওই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের কাছে অচিরেই পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান, সরজমিনের পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
