কচুয়ায় আ.লীগ নেতা দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন

আমির হোসেন
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. একেএম আব্দুল মোতালেবের ভাতিজা কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন (৬৫) গত শুক্রবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
গতকাল রোববার বাদ জোহর উপজেলার কড়ইয়া ইউনিয়নের হাজি ইদ্রিস মুন্সি শিশু সদন প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল প্রমুখ।
শ্রীরামপুর মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম মজুমদারের ইমামতিতে সহস্রাধিক মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে নলুয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
দেলোয়ার হোসেনের মৃত্যুতে কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরসহ দলীয় নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ ও সমবেদনা করেছেন।