কচুয়ায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের প্রতিবাদে

কচুয়া ব্যুরো
কচুয়ার সাচার ইউপির চেয়ারম্যান মো. মনির হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের জড়িয়ে দু’জন লোককে জিম্মি করে, মারধর করে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারমূলক কথা বলিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার সাচার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
এসময় তিনি উল্লেখ করেন, পার্শ্ববর্তী এলাকার নিরীহ মো. নাইম ও মো. রনিকে মারধর করে তাদের উপর চাপ প্রয়োগ করে আমি এবং আমার পরিবারের সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলিয়ে আমার সুনাম ক্ষুণ্ন ও জনসম্মুখে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তা ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে এ ধরনের ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় বক্তব্য রাখেন জিম্মি হওয়া ভিডিও রেকর্ড বক্তব্য প্রদানকারী মো. নাঈম ও মো. রনি।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রবিউল আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাউসার হোসেন সাদ্দাম, সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদসহ কচুয়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
০৪ ফেব্রুয়ারি, ২০২১।