
প্রবাহমান সরকারি খালের উপর
কচুয়া ব্যুরো
কচুয়ায় প্রবাহমান সরকারি খালের উপর বাঁধ দিয়ে কালভার্ট নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রসন্নকাপ গ্রামের মৃত আলী আকবরের ছেলে মেহের আলী প্রসন্নকাপ গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বক্সগঞ্জ-প্রসন্নকাপ সুন্দরী খালের উপর গত কয়েক দিন ধরে বাঁধ দিয়ে প্রায় ৩০ ফুট লন্বা ইটের গাথুনি দিয়ে কালভার্ট নির্মাণের কাজ শুরু করে। নির্মাণাধীন কালভার্টের ১৫ ফুট দক্ষিণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০১৫ সালে নির্মিত একটি ব্রিজ রয়েছে।
স্থানীয়রা জানান, ওই প্রবাহমান খালের উপর নতুন করে কালভার্ট নির্মাণ করা হলে নৌযান চলাচল করতে পারবে না, পানি নিষ্কাশনের বাঁধা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কালভার্ট নির্মাণ বন্ধে জেলা প্রশাসক তথা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
অভিযুক্ত মেহের আলী জানান, আমি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাজ করছি।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শূভ বলেন, বিষয়টি শুনে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. সামাদ আজাদকে প্রবাহমান খালের উপর কালভার্ট নির্মাণের কাজ বন্ধ করতে বলেছি। সরকারি খাল কাউকে লিজ দেয়া হয়নি। নৌযান চলাচল ও পানি প্রবাহের ব্যাঘাত সৃষ্টি করে কিছু করা যাবে না।
