কচুয়ায় গ্রাম্য সালিসে ছেলেকে পেটানো দেখে বাবার মৃত্যু

স্টাফ রিপোর্টার
কচুয়ায় গ্রাম্য সালিসে ছেলেকে পেটানো দেখে বাবা নিবাশ সরকার (৮০) মারা গেছেন। গত শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মৃত নিবাশের ৩ ছেলে দিলিপ সরকার, রিপন ও নয়ন সরকার। দিলিপ ও রিপন বাবার ভরণ-পোষণ না দেয়ায় তার কিছু সম্পত্তি ছোট ছেলে নয়ন সরকারকে লিখে দেন। এ নিয়ে গত শুক্রবার রাতে সালিস বসে।
এক পর্যায়ে সম্পত্তি রেজিস্ট্রি করে দেয়ার বিষয়ে নয়নকে দায়ী করে সালিসের মোড়লরা নয়নকে বেধড়ক পেটানো শুরু করে। ছেলেকে নির্মমভাবে পেটানো দেখে বাবা নিবাশ সরকার অসুস্থ হয়ে পড়েন। দ্রুত গ্রাম্য ডাক্তার ডেকে এনে তাকে দেখানো হয়। গ্রাম্য ডাক্তার তাকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বললে তাৎক্ষণিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিবাশকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে স্থানীয় মেম্বার মানিক মিয়া জানান, কিছু সম্পত্তি দুই সন্তানকে না দিয়ে এক ছেলে নয়নকে লিখে দেয়। এ বিষয়ে শুক্রবার সালিস বসে। সালিসে মুরুব্বীদের সাথে খারাপ আচরণ করায় নয়নকে মারধর করা হয়েছিল। তবে মারধর বেধড়ক ছিল না। সালিসে বৃদ্ধ নিবাশ সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, প্রাথমিকভাবে জেনেছি ছোট ছেলেকে জায়গা-সম্পত্তি দিয়েছে, এ নিয়ে সালিসে হট্টগোল হয়। নিবাশ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থলে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কচুয়া থানায় একটি সাধারন ডায়রি করে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিবাশ সরকার মারা যাওয়ায় তার স্ত্রী হাস্য রানী সরকার শোকে ভেঙে পড়েন। তার আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। কিন্তু ছোট ছেলে নয়ন ছাড়া বড় দুই ছেলের কেউই সান্ত¦না দিতে মায়ের কাছে ছুটে যায়নি। বড় দুই ছেলের এ আচরণে এলাকাবাসী হতবাক।
৩১ জানুয়ারি, ২০২১।