কচুয়া ব্যুরো :
কচুয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল বলেন, ১৭ অক্টোবর মধ্যরাতে কিছু সন্ত্রাসী স্থানীয় ছাত্রলীগ নেতা ইমরান হোসেন টিটু, আমিরুল ইসলাম চৌধুরী, রাতুল চৌধুরী ও মুরাদ হোসেন রাব্বির উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিন্তু তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। খবর পেয়ে স্থানীয় সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ঢাকা মেডিকেলে দেখতে যান। এ ঘটনায় মামলা হলেও ২৩ জন আসামির মধ্যে মাত্র ২ জনকে আটক করে পুলিশ। লিখিত বক্তব্যে হামলার মূল পরিকল্পনাকারী, প্রধান আসামিসহ অন্য আসামি ও ইন্দনদাতাদেরও গ্রেফতারের দাবি জানানো হয়। তাদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আক্তার হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজসহ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
পরে ছাত্রলীগের নেতাকর্মীরা কচুয়া বাজারে একটি প্রতিবাদ বিশাল বিক্ষোভ মিছিল বের করে।
