তদন্ত কমিটি গঠন
কচুয়া ব্যুরো
কচুয়ায় টিকাদানের ৪ দিন পর আল-হামিদ নামে ৩৫ দিনের শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। গতকাল বুধবার চাঁদপুরের সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটি মৃত্যুর কারণ নির্ধারণে ঘটনাস্থল উপজেলার বিতারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যান। এ সময় নিহত শিশু আল হামিদের বাবা-মা ও স্বজনদের সাথে ২০ নভেম্বর টিকা দেয়া, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ ও শিশুর মৃত্যুর আগের লক্ষন সম্পর্কে বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।
এ সময় নিহত শিশুর বাবা মো. সোহেল তদন্ত টিমের সদস্যদের জানান, স্বাস্থ্য সহকারী আ. রহমান তার ছেলের দুই উরুতে টিকা প্রদানের পর থেকে আল হামিদের টিকাস্থান দিয়ে অনবরত রক্তক্ষরণ হতে থাকে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পর্যায়ক্রমে চিকিৎসার জন্য আল-হামিদকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সবশেষ ঢাকার মাতুয়াইল শিশু হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। নিহতের বাবা সোহেল তদন্ত টিমের সদস্যদের আরো বলেন, মাতুয়াইল হাসপাতালের চিকিৎসকরা তার সন্তানের টিকাস্থান দেখে বলেন টিকা পুশ করা সঠিক হয়নি।
উল্লেখ্য, ২০ নভেম্বর শিশু আল-হামিদকে স্বাস্থ্য সহকারী আ. রহমান টিকা প্রদান করেন। টিকা প্রদানের পর থেকে রক্তক্ষরণ ও অবশেষে তার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার চাঁদপুরের সিভিল সার্জন সাখাওয়াত হোসেন শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত হতে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
