স্টাফ রিপোর্টার
কচুয়ার দহুলিয়া গ্রামে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই রবিউল্যাহর আঘাতে ছোট ভাই ওয়াজী উল্লাহ নিহত হয়েছে। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করেন।
নিহত ওয়াজী উল্লাহর স্ত্রী রেনু বেগম জানান, রোববার সকালে রবিউলের স্ত্রী খোশনেযারা বেগমের সাথে তার মশলা বাটা নিয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তার স্বামী ওয়াজী উল্যাহ ঘর থেকে এগিয়ে আসলে রবিউল্লাহ ও তার স্ত্রী খোশনেয়ারা তাকে মারধর করেন। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে নেয়ার পথিমধ্যে তিনি মারা যায়।
তবে স্থানীয় আবু কালাম, মিজান ও ইমাম হোসাইনসহ একাধিক লোকজন জানান, মরিচ বাটা নিয়ে রেনু বেগম ও খোশনেআরা বেগমের তর্ক-বিতর্কের এক পর্যায়ে ওয়াজী উল্যাহ ঘটনাস্থলে এসে স্ট্রোক করলে হাসাপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করেছেন।
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, ওয়াজী উল্লাহ’র মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
২১ সেপ্টেম্বর, ২০২০।
