
আহসান হাবীব সুমন
কচুয়ায় হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের কড়ইয়া এলাকায় বিআরটিসি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন পরীক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় ওই সড়কের কড়ইয়ায় ঢাকাগামী বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৫৫১২) সাথে হাজীগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজির ৩ যাত্রী মাস্টার্স পরীক্ষার্থী সাদ্দাম হোসেন, মাহবুব আলম ও উর্মি নিহত হয়।
নিহত তিনজনই কচুয়া উপজেলার বাসিন্দা। গুরুতর আহত সিএনজি চালক কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মনির হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত অপর যাত্রী ইব্রাহীম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, বিআরটিসি বাস চাপায় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর স্বজনদের আহাজারিতে সমগ্র এলাকাজুড়ে শোকের মাতম বিরাজ করছে। এদিকে দুর্ঘটনার সময় স্থানীয় জনতা বিআরটিসির বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও সিএনজি জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছে এবং বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে।
২৫ নভেম্বর, ২০২১।
