কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর ক্রিয়ানুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর অযাচক আশ্রমের প্রয়াত অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী মহারাজের পারলৌকিক ক্রিয়ানুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৭ অক্টোবর) চাঁদপুর অযাচক আশ্রমে তা অনুষ্ঠিত হয়। অখণ্ডমণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পূণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ও চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সভাপতি কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর পরলৌকিক ক্রিয়ার সব কার্যক্রম অখণ্ড সংগঠনের আয়োজনে সম্পন্ন করা হয়।
বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের কর্মকর্তাসহ দূর-দূরান্তে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য গুরুভ্রাতা/ভগ্নীগণ তথা বাবামণির শিষ্য, ভক্ত ও অনুরাগীরা পূর্বদিন দুপুর হতে আশ্রম অংগনে সমবেত হতে থাকে। সন্ধ্যায় বিশ্ব অখণ্ড সংঘ প্রধান তপন ব্রহ্মচারী মহারাজ গুরুধাম কলিকাতা থেকে পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদ, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট এবং বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের কর্মকর্তাবৃন্দকে নিয়ে এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করে সার্বিক আয়োজনের অগ্রগতি জানেন এবং দিক নির্দেশনামূলক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এদিন সকাল ৬টায় কীর্তন, সকাল ৮টায় নবযুগের নবীন বেদ অখণ্ড সংহিতা থেকে পাঠ, সকাল ৯টায় বিশেষ সমবেত উপাসনা, সকাল সাড়ে ১০টায় নীরব মহানাম জপযজ্ঞ ও ব্রহ্ম গায়ত্রী কীর্তন, সকাল সাড়ে ১১টায় কীর্তন শুরু হয়, দুপুর ১২টায় দান পর্বে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন অখণ্ডমন্ডলী থেকে আগতদের মাঝে উপদেশবাণী সম্মিলিত সংহিতা দান করা হয়, চাঁদপুর অঞ্চলের অসংখ্য গরিব দুঃখীর মাঝে উপদেশবাণী সম্মিলিত অখন্ড সংহিতা শাড়ী, ধুতি, পায়জামা ও পাঞ্জাবি বিতরণ করা হয়, চাঁদপুর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠান উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, পরেশ মালাকার, ডা. পীযুষ কান্তি বড়ুয়া, তপন সরকার, বাংলাদেশ অখণ্ড সংগঠনের যুগ্ম আহ্বায়ক তাপস সরকার, সদস্য সচিব সুজিত কুমার দে, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, সদস্য দুলাল দাস, তাপস দাস, অঞ্জন দাস, মন্তোষ সাহা, সঞ্জয় সাহা, প্রণব সাহা, মৃধুল দাস, গৌতম ঘোষ, সুকুমার রায় প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী তার নশ্বর তথা পাঞ্চভৌতিক দেহত্যাগ করে। পরদিন সোমবার অখণ্ডবিধি মোতাবেক তার মরদেহে যাবতীয় আনুষ্ঠানিকতা চাঁদপুর অযাচক আশ্রমে সমাধিস্থ করার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
৮ অক্টোবর, ২০২০।