স্টাফ রিপোর্টার
চাঁদপুরে করোনাভাইরাস আক্রান্ত রোগী দিন-দিন বেড়েই চলছে। সেই সাথে সুস্থও হচ্ছে অনেক রোগী। সুস্থ হওয়া বা করোনামুক্ত রোগীদের করতালির মাধ্যমে ফুল দিয়ে গ্রহণ করেছে চাঁদপুরের জেলা প্রশাসন। সোমবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এই ফুলেল শুভেচ্ছার আয়োজন করা হয়।
করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া কচুয়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহববুবুল আলম ও অ্যাড. নুরুল আমিন আকাশকে চাঁদপুর জেলা প্রশাসনের ভলান্টিয়ারদের করতালির মাঝে ফুলেল শুভেচ্ছা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে বলছি আমাদের মাঝে আজ দু’জন উপস্থিত আছেন, যারা কিছুদিন আগেও করোনায় আক্রান্ত ছিলেন। কিন্তু আজ তারা করোনামুক্ত হয়ে আমাদের সাথে আছেন। আমরা চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করে নিলাম।
তিনি আরো বলেন, আমরা আশা করি চাঁদপুরে যারা করোনা পজিটিভ আছেন ঠিক এমনিভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরা তাদেরও ফুল দিয়ে ঠিক এভাবে বরণ করে নিবো।
চাঁদপুর জেলা প্রশাসন ও ভলান্টিয়ারদের ধন্যবাদ জানিয়ে করোনামুক্ত অ্যাড. নুরুল আমিন আকাশ তার অনুভূতিতে বলেন, আসলে করোনা কোন ভয়ের কিছু নয়। করোনাকে মোকাবিলা করার শক্তি-সাহস সবাইকে যোগাতে হবে। এটার জন্য যে করোনা রোগী হয়, আমরা যদি তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং তাদের যদি একটু খোঁজ খবর নেই তাহলে তাদের মনোবল আরও শক্ত হবে এবং তাদের সাহস আরো বাড়বে। করোনা মোকাবিলা করার জন্য সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন তাহলে করোনা থেকে মুক্ত হওয়া সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান মানিক, স্বেচ্ছাসেবক টিমের প্রধান অধ্যক্ষ ওমর ফারুক, মো. জাহিদুল হক মিলন, ফোকাস মোহনা ও দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার শাহরিয়া পলাশ, ফোকাস মোহনা ও দৈনিক ইলশেপাড়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম খান প্রমুখ।
২২ জুন, ২০২০।
