স্টাফ রিপোর্টার
অটোরিক্সায় ফেলে যাওয়া বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা ফিরিয়ে দিয়ে চাঁদপুরের অটোচালক সজীব এক অনন্য সততার দৃষ্টান্ত রেখেছে। আর তাই জেলা প্রশাসন সততার কারনে অটোচালক সজীবকে সংবর্ধনা দিয়েছেন। সোমবার (২২ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সংবর্ধনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
সংবর্ধনা হিসেবে তিনি তাকে প্রথমেই ফুল দিয়ে বরণ করেন এবং সাথে আম, লিচু, লেবু, আনারস, আপেল ও মাল্টাসহ এক ঝুড়ি ফল এবং এক বস্তা চাল উপহার দেন।
এসময় মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, তার এই সততার কোন উপহার দিয়ে কিনা যাবে না। তার এই সততা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। আমরা জেলা প্রশাসনের পক্ষে জন্য দোয়া করি, সে যেন এই সততা নিয়ে সারাজিবন বেঁচে থাকে এবং মানুষের উপকারের আসে।
এসময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান মানিক, কচুয়া যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম, অ্যাড. নুরুল আমিন আকাশ, জেলা প্রশাসনের ভলান্টিয়ার গ্রুপের প্রধান অধ্যক্ষ ওমর ফারুক, মো. জাহিদুল হক মিলন, দৈনিক ইল্শেপাড়ের স্টাফ রিপোর্টার শাহআলম খান, দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার শাহরিয়া পলাশসহ আরো ভলান্টিয়ারবৃন্দ।
উল্লেখ্য, গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুর পৌরসভা সংলগ্ন পশ্চিম পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে থেকে ৬১ লাখ টাকা নিয়ে অটো বাইকে করে জোড়পুকুর পাড়ে আসেন বিকাশের কর্মকর্তা মাসুদ। অটোবাইকের ভাড়া দিয়ে মনের ভুলে তিনি টাকা না নিয়ে নেমে যান। পরে অটোবাইকটি জোড়পুকুর পাড় মসজিদের সামনে আসে। ওই এলাকার সিসি টিভি ক্যামেরায় সংরক্ষিত ফুটেজ দেখে অটোবাইক ও টাকার ব্যাগ শনাক্ত হয়।
অটোবাইক চালক সজিব জানায়, সে টাকাগুলো পেয়ে আতংকিত হয়ে পড়ে। টাকাগুলো ফেরৎ দিতে সে ঘটনাস্থল জোড়পুকুর পাড়ে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে। পরে টাকাগুলো নিতে কেউ না আসায় সে সরাসরি পুরাণবাজার গ্যারেজে চলে যায়।
এ ঘটনার পর চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযানে নামে। সন্ধ্যা ৭টার দিকে অটোবাইক চালক সজিব পুলিশের সাথে যোগাযোগ করে টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে।
২২ জুন, ২০২০।
