করোনা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মতলব উত্তর পুলিশ

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধার করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মতলব উত্তর উপজেলায় করোনার সংক্রমন রোধে প্রতিটি এলাকায় তৎপর পুলিশের টিম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন তারা।
এছাড়া করোনা সংকট মোকাবেলায় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী ও গ্রাম পুলিশের নেতৃবৃন্দ একযোগে কাজ করছেন।
গতকাল রোববার সকালে উপজেলার ছেংগারচর বাজারে করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলায় বাজার মনিটরিংয়ে বের হয়। বাজারের আগতদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করেন। অহেতুক বাজারে অবস্থান না করার জন্য বলেন।
মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, করোনা প্রতিরোধে সরকারের প্রতিটি নির্দেশনা যথাযথ ভাবে পালনের জন্য মতলব উত্তর থানা পুলিশ সবসময় প্রস্তুত। করোনার সংক্রমন মোকাবিলায় পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের নির্দেশনা মেনে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখানে এখন পর্যন্ত ৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। প্রবাসী যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। ঢাকা ও দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এখানে আসছেন তাদেরকেও বাড়ীতেই থাকতে বাধ্য করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে মতলব উত্তর উপজেলায় ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না।
করোনার সংক্রমন রোধে এখন বড় চ্যালেঞ্জ মানুষকে ঘরে রাখা। সে লক্ষ্যে জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে রাস্তা-ঘাট, হাট-বাজারগুলোতে আমরা নিয়মিতভাবে টহল অব্যাহত রেখেছি। অহেতুক যারা পথে ঘাটে ঘুরাঘুরি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি এই সংকটময় মুহূর্তে উপজেলার সর্বস্তরের জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহায়তা করার আশাবাদ ব্যক্ত করেন।

১১ মে, ২০২০।