মতলব দক্ষিণে কৃষকের পাশে ঢাকা পলিটেকনিক ছাত্রলীগ

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার কৃষকদের পাশে দাঁড়িয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের নেতৃবৃন্দ। করোনা ভাইরাসের কারণে সারা দেশের কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েছে। কৃষকরা টাকা ও শ্রমিকের অভাবে জমিনের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে অসহায় ও হতদরিদ্র কৃষকদের পাকা ধান কাটার কর্মসূচি হাতে নেয় ছাত্রলীগ।
তারই ধারাবাহিকতায় কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুপ্রেরণায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মো. মেহেদি হাসানের নেতৃত্বে ২৫/৩০ জন ছাত্র মতলব পৌরসভার দশপাড়া-ভাঙ্গারপাড় নিজ গ্রামের কৃষকদের প্রায় ২ একর জমির ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দেয়।
গতকাল রোববার সকাল ৮টায় এ ধান কেটে মাথায় করে কৃষকদের বাড়ির আঙ্গিনায় পৌঁছানোর মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এসময় জমির মালিক কৃষক রফিক বলেন, করোনা ভাইরাসের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যায় না। শ্রমিক পাওয়া গেলেও তাদের মজুরি আগের তুলনায় তিনগুণ বেশি। এ দুর্যোগ সময়ে ছাত্রলীগের ভাইয়েরা আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ায় বিরাট উপকার হয়েছে। আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি- এ দুঃসময়ে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য।
ছাত্রলীগের সভাপতি মো. মেহেদি হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রিয় নেতাদের অনুপ্রেরণার আমরা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেই। ছাত্রলীগ সবসময় অসহায় মানুষদের সেবায় নিয়োজিত থাকে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

১১ মে, ২০২০।