করোনা মোকাবেলায় ১৮ দফা নির্দেশনা কার্যকরে মাঠে মতলব উত্তর উপজেলা প্রশাসন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে এবং সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা কার্যকর করতে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। করোনার সংক্রমণ রোধে সচেতনতা কার্যক্রমসহ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে। সেই সাথে ব্যাপক প্রচারাভিযান চালানো হচ্ছে।
হঠাৎ করে দেশে করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এর মধ্যে সরকার সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনা জারি করলে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।
মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা ও থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিনামূল্যে মাস্ক বিতরণ, প্রচারাভিযান, পথসভাসহ নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
মতলব উত্তর উপজেলার মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও মাঠে কাজ করছেন। প্রতিদিনই তারা করোনার বিষয়টিকে সামনে নিয়ে মানুষকে সচেতন করছেন। উপজেলা প্রশাসনের পক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করার জন্য প্রত্যেক দিন গণহারে মাইকিং করা হচ্ছে।
গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইতোমধ্যে পরিবহন মালিক শ্রমিকের সাথে আলোচনা করে নির্দেশনা দিয়েছেন ইউএনও স্নেহাশিষ দাশ। কোথাও সরকারি নির্দেশনার ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউএনও।
উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ জানান, আমরা প্রতিদিনই মানুষকে সচেতন করছি, কাউকে জরিমানা, বিনামূল্যে মাস্ক বিতরণ করে যাচ্ছি। মানুষ সচেতন হলে এবং স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে। তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাই সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ছেন।
০৪ এপ্রিল, ২০২১।