ফরিদগঞ্জের পুলিশের গুলিতে আহত রুবেল শাহ অবশেষে মারা গেছে

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে ৩ সপ্তাহ আগে পুলিশের গুলিতে আহত একাধিক মামলার আসামি রুবেল শাহ (৩০) মারা গেছে। গত শুক্রবার (২ এপ্রিল) সকালে রাজধানী ঢাকার মিরপুর সড়কের শ্যামলীর রে মেডিকেয়ার নামে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত রুবেল শাহর ছোটভাই মুরাদ শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১২ মার্চ সন্ধ্যায় রুবেল শাহকে গ্রেফতার করতে তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকায় যায় একদল পুলিশ। তখন পুলিশ দাবি করেছিল, আসামি রুবেল শাহকে গ্রেফতার করতে গেলে সে পুলিশের ওপর ধারলো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় আত্মরক্ষায় পুলিশ গুলি করলে সে গুরুতর আহত হয়। এসময় এএসআই জামশেদ ও এএসআই শফিক নামে দুজন পুলিশ কর্মকর্তা আহত হন।
উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের নজরুল শাহর ছেলে মো. রুবেল শাহ বিরুদ্ধে হাইমচরে প্রধানমন্ত্রীর সফরকালে তাকে হুমকিসহ (জি আর ৭/১৮) একই থানায় ছয়টি মামলা রয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার পরিবার উন্নত চিকিৎসার জন্য শ্যামলী এলাকায় রে মেডি কেয়ার নামে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করে। সেখানেই শুক্রবার (২ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মৃত রুবেল শাহের ছোট ভাই মুরাদ শাহ্ জানায়, তার ভাইকে বিনা কারণে পুলিশ গুলি করে হত্যা করেছে। তিনি আরো জানান, রুবেল শাহের পিঠের ডান পাশ দিয়ে গুলি ঢুকে বুকের সামনে দিকে বের হয়ে যায়।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
০৪ এপ্রিল, ২০২১।