কালচোঁ উত্তরে ১০ টাকা কেজির চাল বিতরণ

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রয় করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ইউনিয়নের সাহেব বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া উপস্থিত থেকে এই চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর দিনব্যাপী সামাজিক দূরত্ব বজায় রেখে এই চাল বিক্রি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক মো. আব্দুর রহমান, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন মজুমদার, ইউপি সদস্য আবু জাফর তালুকদার, চালের ডিলার তাজুল ইসলাম, যুবলীগ নেতা এমআইকে মজুমদার তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডিলার তাজুল ইসলাম জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই ইউনিয়নে হতদরিদ্র ২৫৬ পরিবারের মাঝে ১০ টাকা করে কেজি দরে (প্রতি কেজি) মোট ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়। তিনি বলেন, প্রতিমাসে ট্যাগ অফিসারের (ইউএনও প্রতিনিধি) উপস্থিতিতে কার্ডধারী সদস্যদের মাঝে ডিজিটাল মেশিনে পরিমাপের মাধ্যমে এই চাল বিক্রি করা হয়।
১১ নভেম্বর, ২০২০।