কুমিল্লায় এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আবদুর রহিম (৪০) নামে এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবদুর রহিম ধিকচন্দা গ্রামের মৃত জাহিদের ছেলে, তিনি ঝলম উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রানিং মেম্বার।
এ ঘটনায় অভিযুক্ত রহমত আলী নামে একজনকে গণধোলাই দিয়ে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের ধিকচন্দা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মনোহরগঞ্জ থানার ওসি মাহবুবুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুকুরে মাটি কাটার বিরোধের জের ধরে আবদুর রহিমের সাথে একই এলাকার মৃত সেরাজুলের ছেলে রহমত আলীর বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে দু’জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রহমত আলী তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা রহমত আলীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
মনোহরগঞ্জ থানার ওসি মাহবুবুল কবির জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

০৭ জুলাই, ২০২১।