হাজীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ মো. হেলাল ওরফে মুনসুর (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের দেবিপুর গ্রামের মান্নান মেম্বারের বাড়ি সামনে থেকে তাকে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মো. হেলাল ওরফে মুনসুর ওই গ্রামের মান্নান মেম্বারের বাড়ি মৃত মো. হোসেন খানের ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দাযের করা হয়। এ দিন দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠায়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদের দিক-নির্দেশনায় রান্ধুনীমূড়া গ্রামে সোমবার দিবাগত রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থানার উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন-২।
অভিযানে ওই গ্রামের মান্নান মেম্বারের বাড়ি সামনে পাকা রাস্তা থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. হেলাল ওরফে মুনসুরকে ১ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।
পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।

০৭ জুলাই, ২০২১।