স্টাফ রিপোর্টার
করোনাকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে চাঁদপুর জেলার কলেজসমূহে (উচ্চ মাধ্যমিক) শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০
সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি এবং বোর্ড ফি ফেরত চেয়ে চিঠি ইস্যু করেছে। গত ৩ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং পরী/উমা/২০২১/১১২৩, তাং ০৩.০২.২০২১খ্রি:) সব কলেজসমূহকে ৮ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র প্রতিষ্ঠানকে পরীক্ষার কেন্দ্র ও বোর্ড ফি পরিশোধ করার নির্দেশনা জারি করে। আর এ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ, অনলাইনে ফরম ফিলআপ ফি জমা নেয়ার সময়ই কুমিল্লা শিক্ষা বোর্ড কেন্দ্র ফি ও বোর্ড ফি জমা নিয়ে নেয়। কিন্তু এখন আবার নতুন করে কেন্দ্র ও বোর্ড ফি চেয়ে চিঠি দেওয়ায় বিপাকে পড়েছে সংশ্লিষ্ট কলেজগুলো। যদিও বোর্ডের চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সরকারের এ ধরনের সিদ্ধান্ত রয়েছে কিনা তা উল্লেখ নেই। শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের (জনপ্রতি) ৩৬০ টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটাও বোর্ড দিবে।
এ ব্যাপারে চাঁদপুর শহরের নাম প্রকাশে অনিচ্ছুক বেশক’টি কলেজের অধ্যক্ষ জানান, যেখানে পরীক্ষাই হলো না, সেখানে কেন্দ্র ফি ও বোর্ড ফি চেয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড কিভাবে চিঠি দেয়। তাছাড়া আমরা তো ফরম পিলআপ ফি জমা নেওয়ার সময়ই কেন্দ্র ও বোর্ড ফি দিয়ে দেই। তাহলে এখন আবার কলেজ বন্ধ থাকা অবস্থায় করোনাকালীন ফি চাওয়া কতটুকু যুক্তিযুক্ত। অবিলম্বে ঐ সিদ্ধান্ত বাতিলের দাবি করেছেন তারা। বিষয়টি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে চাঁদপুর সরকারি কলেজের অফিস সহকারী মিঠু নারী দে ঐ কলেজ কেন্দ্রের অধীন কলেজসমূহের অধ্যক্ষদের মোবাইলে কেন্দ্র ও বোর্ড ফি জমা দিতে অনুরোধ করছেন। এতে করে বিব্রত কলেজ অধ্যক্ষরা। অনেকই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের ঐ সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের জন্য অধ্যক্ষরা শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
১৬ ফেব্রুয়ারি, ২০২১।
